৪ থানার পরিদর্শক বদলি, শাহআলী থানার ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। শাহআলী থানার নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আরও চার থানার পরিদর্শক (অপারেশন ও তদন্ত) পদে বদলি করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব বদলি নিশ্চিত করা হয়।
আদেশে বলা হয়, মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজীব হোসেনকে শাহআলী থানার ওসি, লাইনওয়ারের পরিদর্শক মো. আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার অপারেশন, ক্যান্টনমেন্ট থানার অপারেশন পরিদর্শক সুব্রত দেবনাথকে উত্তরখান থানার অপারেশন, মুগদা থানার পরিদর্শক (তদন্ত) শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানার তদন্ত এবং লাইনওয়ারের পরিদর্শক মো. মমিনুল ইসলামকে মুগদা থানার তদন্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে ২৬ সেপ্টেম্বর এক অফিস আদেশে শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়।
শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এ সময় সাংবাদিকরা জানান, ভাঙচুরের সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। এ ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।
জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনি ঠিকই বলেছেন। এ ধরনের একটি ঘটনা রোধ করা অবশ্যই পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা দেখছি, পুলিশের এ ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না। পুলিশ জানার পরও সময়মতো এসেছিল কি না এবং পুলিশের পক্ষ থেকে কোনো অবহেলা আছে কি না, সবকিছু দেখা হবে।’
মোসলেহ উদ্দিন আহমদ তখন জানিয়েছিলেন, এ ঘটনায় দারুসসালাম এলাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির শনিবারের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। প্রতিবেদন পাওয়ার পর পুলিশের কোনো সদস্যের অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
















