অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়ম ও সেবায় অবহেলার অভিযোগে সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর এ ব্যবস্থা নেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি অফিসের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি অভিযোগগুলোর বিষয়ে বিভাগীয় তদন্তেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
কাশিমপুর ভূমি অফিস পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া সফিপুর ইউনিয়ন ভূমি অফিসেও আকস্মিক পরিদর্শনে যান এবং সেখানকার সেবার মান ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
















